কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন সোহিনী
বিনোদন ডেস্ক: মাঝে মধ্যেই ভারতের বলিউড ও টলিউডে কাস্টিং কাউচ জোর আলোচনা আর বিতর্ক হয়। এবার এটা নিয়ে মুখ খুললেন টলি অভিনেত্রী সোহিনী সরকার। টলিউডের পরিচিত মুখ এই সুন্দরী অভিনেত্রী। টেলিভিশন দিয়ে অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন খড়দহের এই মেয়ে। এরপর লম্বা জার্নি পার করেছেন সোহিনী। এখন কলকাতার চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় তারকা তিনি। তবে সোহিনীর জন্যে খুব সহজ ছিল না অভিনয়ের দুনিয়ায় তার এই যাত্রাপথ। তাকে প্রতিমুহূর্তে খারাপ অভিজ্ঞতার শিকার হতে হতে হয়েছে কাজের ক্ষেত্রে। অন্ধকারে ভরা সেই দিন আজ মনে রাখতে চান না সোহিনী। কারণ স্মৃতি সততই সুখের নয়!
কলকাতার গণমাধ্যমে সোহিনী জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে পরিচালক – প্রযোজকের লালসার শিকার হতে হতে বেঁচে গিয়েছেন তিনি। সম্প্রতি সেই সব ‘রাক্ষস – খোক্কসদের’ সম্পর্কে মুখ খুলেছেন এই সুন্দরী নায়িকা। সোহিনী জানান, তার জীবন ঠিক রূপকথার মতো। সেই গল্পের শুরুতেই থাবা বসিয়েছিল রাক্ষস – খোক্কসরা। কিন্তু রূপকথার মতো এখানেও রাজপুত্র এসে সোনার কাঠি,রূপোর কাঠি ছুঁইয়ে রাজকন্যাকে জ্যান্ত করেছে।
সোহিনী বলেন ২০০৫ – ২০০৬ সালের ঘটনা এটি। সেই সময় ফেসবুক ছিল না, তাই বিষয়টা জানাজানি হয়নি। কিন্তু সেটের বহু সহকর্মী সোহিনীর পাশে দাঁড়িয়েছিল বলে জানান অভিনেত্রী।
‘অদ্বিতীয়া’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি লাভ করেছিলেন সোহিনী। এরপরই সুযোগ আসে ‘রূপকথা নয়’ ছবিতে অভিনয়ের। সে প্রায় এক দশক আগের কথা। দ্বিতীয় ছবি ‘ফড়িং’ এ ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন সোহিনী। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে টলিগঞ্জের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেন। এখন রুপোলি পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্ম দাপটের সঙ্গে কাজ করছেন সোহিনী। নিজের সম্পর্কের ব্যাপারেও খুল্লমখুল্লা তিনি। রণজয় বিষ্ণুর সঙ্গে প্রণয় ডোরে আবদ্ধ। তবুও মাঝেমাঝে অতীতের স্মৃতি হাতড়ে সেই ‘রাক্ষসদের’ কথাও মনে পড়ে তার। কিন্তু আজ আর তাদের দেখা মেলে না। সোহিনীর কথায়, যোগ্যতা না থাকার জেরেই হারিয়ে গিয়েছেন তারা।






No comments